
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো বড় আকারের একটি পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সমর্থকদের পক্ষ থেকে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে জিডিটি করেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা। শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
জিডি সূত্রে জানা গেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে পতাকাটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়।
ক্লাব সদস্যদের দাবি, বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে তারা জানতে পারেন, টাঙানো পতাকাটি নেই। এরপর স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান না পেয়ে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। ক্লাব সদস্য টুটুল শিকদার বলেন, অনেক কষ্ট ও পরিশ্রম করে টাকা সংগ্রহ করে তারা পতাকাটি তৈরি করেছিলেন। যারা পতাকাটি চুরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ক্লাবের অনেক সদস্য নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই পতাকা তৈরিতে সহযোগিতা করেছেন। তাই পতাকা হারানোর ঘটনায় সবাই কষ্ট পেয়েছেন। সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজের মধ্যেই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
আপনার মতামত লিখুন :