শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরজুড়ে পাকা ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন মৌলভীবাজারের শিমুল হোসেন। তার ব্যতিক্রমী সাজ ও উপস্থিতি ঘিরে অনুষ্ঠানে আগত মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিমুল। এ সময় তার মাথায় ছিল ধানের শীষ দিয়ে তৈরি মাথাল। পাশাপাশি পরনের পোশাকেও ছিল ধানের শীষের বিশেষ সাজ।

শিমুলের এমন ব্যতিক্রমী উপস্থিতি অনুষ্ঠানে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

শিমুল হোসেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। এর পাশাপাশি তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌলভীবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সরাসরি শ্রীমঙ্গলে গিয়ে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এবং ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়ক, সরকারি ভবন ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন করে সাজানো হয় অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার দায়িত্বে ছিল বিশেষ নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।