
খুলনার ফুলতায় জ্বালানি তেলবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কলেজ শিক্ষার্থীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনকে ফুলতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাক যুগ্নীপাশা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সামনে থাকা ট্রাককে এড়িয়ে যেতে না পেরে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর দুই বাসের যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফুলতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ জানান, ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচলে সমস্যা হলেও বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :