মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৈধ কাগজপত্র যাচাই, ভিসার শর্ত লঙ্ঘন এবং অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় অভিযান চালান। অভিযানে বিভিন্ন দেশের মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিক আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অভিবাসন বিভাগ জানায়, বিদেশি নাগরিকদের বৈধ ভ্রমণ নথি, কাজের অনুমতিপত্র এবং ভিসার শর্তাবলি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক অভিযানে আটক ব্যক্তিদের কাগজপত্রে অসঙ্গতি, অনুমতি ছাড়া অবস্থান এবং অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন, ভিসার অপব্যবহার এবং অনুমোদনহীন কর্মসংস্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন রাজ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গরে সর্বশেষ এই অভিযানও চলমান বিশেষ তৎপরতার অংশ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ অনুমতিপত্র, পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সবসময় সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।