
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই গ্রামের পাঁচজন প্রবাসীর একসঙ্গে মৃত্যুর খবরে কানাইঘাট এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ এবং অন্যান্য বিষয় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :