সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রবাসী বাংলাদেশি 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রবাসী বাংলাদেশি 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরে আলম (৪২) ও ইদ্রিস মিয়া (৪৩) নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে। অপর নিহত ইদ্রিস মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরে আলম ও ইদ্রিস মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে একসঙ্গে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে ফিরছিলেন। পথে আফিফ এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে আমরা দিশেহারা। স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।”

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। আবেদন পেলে মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিবার যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।