৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া আলোচিত নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রামপুলিশ মনির খান।

জানা যায়, গত ৯ জুন মঠবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই তার শারীরিক গঠন নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। পাশাপাশি জন্মগতভাবে তার জিহ্বা না থাকার বিষয়টিও চিকিৎসকরা নিশ্চিত করেছিলেন।

শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।

জন্মের পর থেকেই নবজাতকটি বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিল। হাসপাতালে জন্মের পর তাকে দেখতে স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষ ভিড় করেন। পরে শিশুটি বাড়িতে নেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুই দিনের মাথায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই শিশুটির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, জন্মের সময় থেকেই শিশুটির অবস্থা নিয়ে পরিবার গভীর দুশ্চিন্তায় ছিল। তবে এত দ্রুত তার মৃত্যুতে সবাই হতবাক ও মর্মাহত। পরিবারের সদস্যদের প্রতি স্থানীয়রা সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নবজাতকের মৃত্যুতে পুরো এলাকায় নীরবতা ও শোকের পরিবেশ বিরাজ করছে।