
ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তার উদ্যোগে কারাগারের বন্দিরাও এবার বিশ্বকাপের উত্তেজনা ও আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন।
বিশ্বকাপ ফুটবলের আমেজ যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইল জেলা প্রশাসক মনে করেন, এই আনন্দ থেকে কারাবন্দিদের বঞ্চিত করা উচিত নয়। সেই ভাবনা থেকেই জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশনের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দিরা বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। সাধারণ মানুষের মতো কারাবন্দিরাও যেন বিশ্বকাপের আনন্দ অনুভব করতে পারে—এই মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরও বলেন, কারাবন্দিদের মানসিক স্বস্তি ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা বিশেষ করে বিশ্বকাপ ফুটবল মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করে, যা কারাগারের পরিবেশকেও কিছুটা স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ করে তুলতে সহায়তা করে।
এদিকে জেল সুপার আনোয়ার হোসেন জানান, কারাগারে টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা চালু হওয়ার পর বন্দিদের মধ্যে আনন্দ ও আগ্রহ বেড়েছে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখাও সহজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কারা কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ বন্দিদের মানসিক উন্নয়ন ও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে। খেলার মাধ্যমে তারা যেমন বিনোদন পাচ্ছেন, তেমনি সামাজিক সংযোগের অনুভূতিও বজায় থাকছে। সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের এই উদ্যোগ মানবিক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :