
নাটোরের লালপুরে পদ্মার দুর্গম চরে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক ঝড়ু নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া গ্রামের আব্দুল শেখ ও হাসিনা বেগম দম্পতির ছেলে। তিনি রাজশাহীর চারঘাট এলাকার ‘কাকন গ্রুপ’-এর বালুর পয়েন্টে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর এবং রাজশাহীর বাঘা থানা সীমান্তবর্তী হবির চর এলাকায় বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
পরে প্রতিপক্ষের লোকজন তাকে একটি স্পিডবোটে করে লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মার কিনারে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা নদীতে একটি স্পিডবোট ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ, কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে স্পিডবোটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। স্পিডবোটটি জব্দ করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নৌপুলিশ তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :