সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী, অতঃপর…

নোয়াখালীর সোনাইমুড়িতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাররা হলেন মো. শফিকুল ইসলাম সৈকত (২৮) ও ইব্রাহিম খলিল জুয়েল (৩৫)। মঙ্গলবার (৯ জুন) সকালে তাদের নোয়াখালী আমলি আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনাইমুড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৮ জুন) রাতে সোনাইমুড়ি বাজারে সৈকতের মালিকানাধীন ‘দুবাই বোরকা হাউস’ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে উপজেলার ‘জুয়েল ফার্নিচার’ দোকান থেকে জুয়েলকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বোরকা দোকানে চাকরির সময় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর সঙ্গে সৈকতের পরিচয় হয়। পরে সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে একাধিকবার শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা শুরু করে সৈকত।

অভিযোগ অনুযায়ী, ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোট তিন লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয় এবং আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

পরে ভয় থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পাশের বাসার জুয়েলের সহায়তা চাইলে তিনিও ভিডিও সংগ্রহ করে একইভাবে ব্ল্যাকমেইলে জড়িত হন এবং বিষয়টি ভুক্তভোগীর স্বামী ও পরিবারের কাছেও জানান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ৭ জুন ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি থানায় পাঠানো হয় এবং মামলা দায়েরের পর সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।