লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে মো. আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চর জাজিরা মৌজার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি স্পিডবোটের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী চর এলাকায় বালুমহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেলাল ও কাকন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অন্তত একজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকেই পরে স্পিডবোটে করে লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় এনে ফেলে রেখে যাওয়া হয়।

নিহত ঝড়ু নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। পুলিশ জানায়, তার বাঁ চোখের ওপর গুলিবিদ্ধ হয়ে মাথার ওপর দিক দিয়ে গুলি বের হয়ে যায়। ঘটনাস্থলে স্পিডবোটের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালুমহাল নিয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত ব্যক্তি চারঘাট এলাকায় কাকন নামের এক ব্যক্তির বালুর পয়েন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন বলেও জানা গেছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।