
সাধারণত কর্মীরা মালিকের অনুষ্ঠানে যোগ দেন—এমন দৃশ্যই বেশি দেখা যায়। তবে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি যুবকের বিয়েতে অংশ নিতে তার কফিল (নিয়োগকর্তা) নিজেই হেলিকপ্টারযোগে বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন। এ ঘটনা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অবস্থিত চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। মুহূর্তেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করেন ঘটনাস্থলে।
জানা গেছে, মধ্যপাড়া গ্রামের সুদন মিয়ার ছোট ছেলে মো. বাপ্পি গত চার বছর ধরে সৌদি আরবে কর্মরত। তার বড় ভাই মাসুদ রানা একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করছেন। কর্মসূত্রে তাদের সঙ্গে সৌদি আরবের প্রতিষ্ঠানের মালিক ফায়েজ আল মাকদুবি এবং তার দুই বন্ধু সালমান আল মুতাহারী ও আহাদ মোহাম্মদীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
এই সম্পর্কের টানেই প্রবাসী যুবক বাপ্পির বিয়েতে অংশ নিতে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসেন কফিল ও তার দুই বন্ধু। তাদের আগমনকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বরের বড় ভাই মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে তাদের কফিল ও তার বন্ধুরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করছিলেন। ছোট ভাইয়ের বিয়েতে তারা অংশ নিতে আসায় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বর মো. বাপ্পিও সৌদি আরবে কর্মরত অবস্থায় কফিলের সঙ্গে সুসম্পর্কের কথা জানান। তার বিয়েতে বিদেশি অতিথিদের উপস্থিতি পরিবার ও এলাকাবাসীর জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। বরের বাবা সুদন মিয়া বলেন, “ছেলের বিয়েতে তার মালিক সৌদি আরব থেকে হেলিকপ্টারে এসে অংশ নিয়েছেন—এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
স্থানীয়রা জানান, সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যপাড়ায় এমন ঘটনা এই প্রথম। হেলিকপ্টার অবতরণ দেখতে এবং বিদেশি অতিথিদের এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। পুরো এলাকা কিছু সময়ের জন্য উৎসবের নগরীতে পরিণত হয়। এ ব্যতিক্রমী ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার সম্পর্কের এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :