লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ দুই ভাই হলেন—সাব্বির হোসেন (নবম শ্রেণি) ও সাওন হোসেন (অষ্টম শ্রেণি)। তারা সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধু মেহেদিসহ তিনজন ধরলা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পানির গভীর অংশে গিয়ে সাব্বির ও সাওন ডুবে নিখোঁজ হন। তবে তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালান। পরে মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং লালমনিরহাট ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের সন্ধান না পেয়ে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। তিনি বলেন, “নিখোঁজ দুই ভাইকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।