বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের এক অতিথি কনের পক্ষের একজন পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। তবে রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা হলে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে সীমিত পরিসরে কথা কাটাকাটি হলেও পরে উভয় পক্ষের কয়েকজন এতে জড়িয়ে পড়েন। এতে অনুষ্ঠানের পরিবেশ অশান্ত হয়ে ওঠে এবং বেশ কিছুক্ষণ আতঙ্ক বিরাজ করে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে কনের মামা বাবলু আকন বলেন, “রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি উত্তেজিত হয়ে হামলা চালালে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।” এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে বিয়ের আনন্দঘন পরিবেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা না থাকলেও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।