নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে নসিমনের ধাক্কা, নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে নসিমনের ধাক্কা, নিহত ১

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সুজন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা এবং হানিফ মোল্লার ছেলে। আহত শ্রমিক রিয়াদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মোল্লা কাঠবোঝাই একটি নসিমন নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ছুটোখার বাজারের একটি মোড় ঘোরার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নসিমনটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় সুজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা হানিফ মোল্লা জানান, প্রায় তিন মাস আগে সুজন বিদেশ থেকে দেশে ফিরে আসেন। বিদেশে আর না গিয়ে নিজ এলাকায় ব্যবসা করার সিদ্ধান্ত নেন তিনি। পরে একটি নসিমন কিনে কাঠের ব্যবসা শুরু করেন এবং নিজেই গাড়িটি চালাতেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, নতুনভাবে ব্যবসা শুরু করে পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন সুজন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অপ্রচলিত যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।