এনসিপির নবগঠিত কমিটি ঘোষণার এক দিন পরই স্থগিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
এনসিপির নবগঠিত কমিটি ঘোষণার এক দিন পরই স্থগিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সাংগঠনিক প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ না করে কমিটি গঠনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (৩ জুন) বিকেলে এনসিপির সাংগঠনিক সম্পাদকদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২ জুন) পার্বতীপুর উপজেলা এনসিপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে জেলা পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করে দেখা যায়, কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং সাংগঠনিক নির্দেশনা অনুসরণের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে।

এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে ঘোষিত কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন)কে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। এ অভিযোগ সামনে আসার পর কমিটির বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে জেলা পর্যায়ে পর্যালোচনা শুরু হয়।

যদিও বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের পেছনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগকে সরাসরি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি, তবে সাংগঠনিক নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাকেই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও বিতর্কমুক্ত রাখতে এনসিপি কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। দলটির পরবর্তী সাংগঠনিক পদক্ষেপের দিকে এখন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নজর রয়েছে।