গভীর রাতে আর্জেন্টিনাপন্থি তরুণীর ফ্ল্যাটে ব্রাজিলপন্থি যুবক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
গভীর রাতে আর্জেন্টিনাপন্থি তরুণীর ফ্ল্যাটে ব্রাজিলপন্থি যুবক

শরীয়তপুরের আংগারিয়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন রুহুল আমিন নামে এক ব্রাজিল সমর্থক যুবক। পরে ‘বিয়ের শর্তে’ তাকে পুলিশের জিম্মায় তুলে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় ঘুরাঘুরি শেষে ওই তরুণীর বাসায় যান রুহুল আমিন। বিষয়টি স্থানীয়রা টের পেলে তারা দুজনকে আটক করে। পরে তাদের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রুহুল আমিন দাবি করেন এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে ওই তরুণী জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এরপর স্থানীয় ও বাড়ির মালিকদের শর্ত অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ব্রাজিল ফুটবল দলের সমর্থনে পোস্ট করেন।

অন্যদিকে ওই তরুণী আখি আক্তার আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ফুটবল সমর্থনকে কেন্দ্র করে দুই ভিন্ন দলের ভক্তদের এই ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, “অবৈধ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”