কুমিল্লায় বিরল লজ্জাবতী বানর উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
কুমিল্লায় বিরল লজ্জাবতী বানর উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয়রা। পরে প্রাণীটি উপজেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া বানরটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে বানরটিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় বাসিন্দা আবদুল মমিন সেটিকে নিরাপদে আটক করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিম’-এর টিম লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের সমন্বয়ে বানরটি নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে বুধবার (৩ জুন) সকালে বিরল এই প্রাণীটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেওয়া হয়। সেখানে প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাগর গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে লোকালয়ে আসার পর বানরটি কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে। তবে চিকিৎসার পর এটি এখন আশঙ্কামুক্ত রয়েছে। চিকিৎসা শেষে প্রাণিসম্পদ অফিস বানরটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরে প্রশাসন বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, লজ্জাবতী বানরটি এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বর্তমানে এটি বন বিভাগের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এটিকে উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের পর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী আইন অনুযায়ী পরবর্তী সব ব্যবস্থা গ্রহণ করা হবে।