চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-গাঁজাসহ মা-ছেলে ও পুত্রবধূ আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-গাঁজাসহ মা-ছেলে ও পুত্রবধূ আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ১ কেজি গাঁজা ও ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ মা, ছেলে ও পুত্রবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টার মধ্যে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সুরানপুর গ্রামের তাজেনুর বেগম (৫৩), তার ছেলে সাবিরুল ইসলাম (৩১) এবং পুত্রবধূ ববিতা খাতুন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে ১ কেজি গাঁজা এবং ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন। কর্তৃপক্ষ আরও জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশব্যাপী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।