
কুমিল্লার লাকসাম উপজেলায় শ্বশুরবাড়িতে ঢুকে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিচ্ছেন কয়েকজন ব্যক্তি। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে বহু মানুষকে জড়ো হতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম উপজেলার হারাখাল এলাকার তাহমিনা আক্তার স্মৃতি এবং ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ-এর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দূর সম্পর্কের আত্মীয় (মামা-ভাগনি) বলেও জানা গেছে। পরবর্তীতে তারা পালিয়ে বিয়ে করেন।
তবে তরুণী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করে। ওই মামলায় পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং আদালতের মাধ্যমে স্মৃতিকে পরিবারের জিম্মায় দেয়।
কয়েকদিন আগে মাসুদ জামিনে মুক্তি পান। এরপর সোমবার রাতে তিনি লোকজন নিয়ে তরুণীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং পরে তাকে জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার লাইলী জানান, বিষয়টি সম্পর্কে নতুন করে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :