
লালমনিরহাট জেলার সুকানদিঘী-এ ঈদের তৃতীয় দিনে (৩০ মে, শনিবার) পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ শিক্ষাজীবন শেষে অবসরে যাওয়া ছয়জন শ্রদ্ধাভাজন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষকেরা হলেন: শ্রী শুধাংশু কুমার রায় (সহকারী শিক্ষক, ইংরেজি), মোঃ আব্দুল বারী (সহকারী শিক্ষক), মোঃ আব্দুস সামাদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), মোঃ আব্দুল আজিজ মিয়া (সহকারী শিক্ষক), মোছাঃ রেহেনা বেগম (সহকারী শিক্ষক) এবং মোঃ মাহাতাব উদ্দিন (সহকারী শিক্ষক)।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা তাদের শিক্ষাদানের সাফল্য, শিক্ষার্থীদের জীবন গঠনে তাদের অবদান এবং দীর্ঘ শিক্ষাজীবনের গৌরবময় অধ্যায় স্মরণ করেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “স্যার-ম্যাডাম, আপনারা ছিলেন, আছেন, থাকবেন; আমাদের স্বপ্নে, কর্মে এবং প্রতি নিঃশ্বাসে রইবেন।”
সংবর্ধনার অংশে আয়োজক ব্যাচের পক্ষ থেকে শিক্ষকদের হাতে বিশেষ স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানটি পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করেন এসএসসি ২০০৯ ব্যাচের সমন্বয়ক আশিকুর রহমান আশিক।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, পুরোনো স্মৃতিচারণ এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শিক্ষক বিদায়ের আবহ ও বন্ধুদের পুনর্মিলন মিলিত হয়ে সুকানদিঘীর প্রাঙ্গণকে পরিণত করে এক অবিস্মরণীয় স্মৃতির উৎসবে।
আপনার মতামত লিখুন :