জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে এবার ভিডিও বার্তা দিলেন শ্বশুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে এবার ভিডিও বার্তা দিলেন শ্বশুর

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাছুম বিল্লাহ। ভিডিও ও এ ঘটনাকে কেন্দ্র করে ছড়ানো বিভিন্ন মন্তব্য ও কুৎসার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় মো. মাছুম বিল্লাহ বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব মন্তব্য ও প্রচারণা চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা।

ভিডিও বার্তায় তিনি বলেন, “গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার (সংসদ সদস্যের) বড় স্ত্রীসহ আমরা সবাই উপস্থিত ছিলাম। গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি সম্পূর্ণভাবে সামাজিকভাবে তাকে হেনস্তা করা ছাড়া আর কিছুই নয়।”

সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে প্রথমে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে জামায়াতের স্থানীয় কয়েকজন নেতা ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এর আগে এমপি গাজী নজরুল ইসলামও এক বিবৃতিতে ভিডিওটিকে কেন্দ্র করে ওঠা আলোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি দাবি করেন, ঘটনাটি তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং চরিত্রহননের চেষ্টা। এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মো. মাছুম বিল্লাহ তার ভিডিও বার্তায় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে সত্যতা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি সামাজিকভাবে একজন মানুষকে হেয় করার মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।