ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনে (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সভা শুরু হয়।

সকাল ১১টায় শুরু হওয়া এ সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে স্থানীয় সরকার পরিষদগুলোর বিদ্যমান আইন পর্যালোচনা এবং ইউপি নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্র জানায়, জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাস হওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধিমালার একটি খসড়া প্রস্তুত করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একই সঙ্গে অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করা হয়। প্রাপ্ত মতামত পর্যালোচনা করেই এবার চূড়ান্ত আচরণবিধি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালা, আইন ও প্রয়োজনীয় কাঠামো পর্যালোচনা করছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আচরণবিধির কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রার্থীদের প্রচারণা, নির্বাচনী ব্যয়, সভা-সমাবেশসহ বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে নতুন আচরণবিধিতে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দেশের তৃণমূল পর্যায়ের সবচেয়ে বড় স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এর প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আচরণবিধি চূড়ান্ত হওয়ার পর নির্বাচনের অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।