পীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, রতন মিয়া প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
পীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ-চতরা সড়কের ঘোনাচতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি করাই গাছ এবং চতরা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আরও একটি করাই গাছ ঝড়ে পড়ে যায়। পরে ওই গাছ দুটি স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন ইউপি সদস্য মো. মতিয়ার রহমান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মতিয়ার রহমান গাছ বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে গাছ বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তবে ইউপি সদস্যের এ দাবির সঙ্গে একমত নন চতরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান খোকন। তিনি বলেন, “এ বিষয়ে আমরা কিছুই জানি না। গাছ বিক্রির বিষয়ে ইউনিয়ন পরিষদে কোনো রেজুলেশন হয়নি।” এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।