এবার ককরোচ আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন মমতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
এবার ককরোচ আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন মমতা

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এ লড়াইয়ে তার কোনো অহংকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে টিএমসির কালিঘাটপন্থি শিবির আয়োজিত বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বড় বিষয়।

মমতা বলেন, “আমি চাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। আমার কোনো অহংকার নেই। অন্যদেরও বলব, মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করুন।” তিনি আরও বলেন, প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিতে প্রস্তুত রয়েছেন।

সমাবেশে দলত্যাগীদের উদ্দেশে কঠোর বার্তা দেন টিএমসি প্রধান। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকদের’ আর কখনো দলে ফিরিয়ে নেওয়া হবে না। বিদ্রোহীদের বিজেপির ‘প্রক্সি’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে তিনি বলেন, “বিজেপির পাশবালিশ হয়ে থাকার দরকার নেই। যদি বিজেপিকেই সমর্থন করতে চান, তাহলে সরাসরি বিজেপিতে চলে যান।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি, সরাসরি বিজেপিতে গিয়ে নির্বাচনে লড়ুন।” মমতার দাবি, যারা দল ছেড়ে যাচ্ছেন, তাদের কারণে টিএমসির কোনো ক্ষতি হবে না। বরং নতুন প্রজন্মের ছাত্র ও যুব কর্মীরা সেই শূন্যস্থান পূরণ করবে।

টিএমসি প্রধান অভিযোগ করেন, বিদ্রোহীরা বিজেপির সহায়তায় দলের প্রতীক ‘জোড়া ফুল’ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে দলের প্রতিষ্ঠাতা-সভানেত্রী হিসেবে তা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় শিগগিরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সফর শুরু করার ঘোষণা দেন। আগামী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দলকে আরও সক্রিয় করার বার্তাও দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এ বক্তব্য পশ্চিমবঙ্গের আগামী রাজনৈতিক সমীকরণে বিরোধী ঐক্যের সম্ভাবনাকে নতুন করে আলোচনায় এনেছে। বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা দিয়ে তিনি বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন।