পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

পেরুর আন্দিজ পার্বত্য অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। পাশাপাশি প্রায় ৩০০ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাতে দেশটির হুয়ানকায়ো প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি স্থানীয় গির্জা ও একটি কনভেন্টও রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ভাসকেজ জানান, আন্দিজের এই পার্বত্য এলাকায় কাঁচা অ্যাডোবি ইট দিয়ে তৈরি বাড়ির সংখ্যা বেশি হওয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান এলাকা চোঙ্গো বাজোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত বাড়িঘরের বাইরে কম্বল জড়িয়ে রাত কাটাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে গবাদিপশুও।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দা হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, “আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে পাশের হুয়াইউকাচি জেলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছি।” উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও জরুরি সংস্থাগুলো। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ চলছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলের পিসকো প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।