ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও গাছের চারা বিতরণ


ঝিনাইদহ জেলা প্রতিনিধি, আনোয়ার হোসেন প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও গাছের চারা বিতরণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। ওই সময়ের ক্ষতি কাটিয়ে ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিপুন রায় চৌধুরী বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশে বলেন, মসজিদে বয়ান ও মন্দিরের ধর্মীয় আলোচনায় মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে। এর মাধ্যমে তরুণ সমাজ ও পরিবারগুলোকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব ও হতাশা অনেক সময় যুব সমাজকে বিপথে ঠেলে দেয়। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, শুধু গাছের চারা বিতরণ করলেই হবে না, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করতে হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি এ খাতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা সম্ভব।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন নিপুন রায় চৌধুরী।