গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন শহরে বিস্ফোরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন শহরে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের হুমকি মোকাবিলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই নতুন করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে যুক্তরাষ্ট্রের নতুন দফার এই সামরিক অভিযান শুরু হয়। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, টানা নবম রাতের মতো ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, তা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য।

সর্বশেষ মার্কিন হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন মার্কিন অভিযান শুরুর পর তাবরিজে এটি প্রথম হামলার ঘটনা। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায়ও বিস্ফোরণ হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, হরমোজগান প্রদেশের জাস্ক এলাকায় অন্তত তিনটি এবং সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে মার্কিন হামলার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। তবে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দুই পক্ষ আবারও পাল্টাপাল্টি সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালিতে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।