
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের নতুন সরকারপ্রধানকে অভিনন্দন জানান তিনি। চিঠিতে তারেক রহমান বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের (গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
তিনি উল্লেখ করেন, অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচিত হওয়া তার দল ও যুক্তরাজ্যের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। তার দক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমুখী অংশীদারিত্ব রয়েছে। এ সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে।
চিঠিতে তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক কয়েক দশক ধরে ক্রমাগত শক্তিশালী হয়েছে।
তারেক রহমান উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তারা উভয় দেশের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন তিনি।
চিঠিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে তারেক রহমান বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে তাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য, সোমবার যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম।
আপনার মতামত লিখুন :