
সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩) ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ছাতক উপজেলা প্রতিনিধি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত ‘দুলু মিয়া’ নামের ফেসবুক আইডি থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। এতে সামাজিকভাবে তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নাজমুল হাসান জুয়েল অভিযোগে আরও দাবি করেন, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তিনি ও তার পরিবারের সদস্যরা হয়রানি ও মানহানির শিকার হতে পারেন। এ কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিনের কাছেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
এদিকে, একজন পেশাদার সংবাদকর্মীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকরা বলেন, কোনো সংবাদকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর প্রচারণার মাধ্যমে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. দুলু মিয়ার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :