শ্যামনগরে ছদ্মবেশী অভিযানে মাদক কারবারি আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
শ্যামনগরে ছদ্মবেশী অভিযানে মাদক কারবারি আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ কৌশলে পরিচালিত অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি নকিপুর গ্রামের বাসিন্দা আনিসুল মোল্লা (কালু)র ছেলে মো. বাপ্পি মোল্লা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এনজিও কর্মীর ছদ্মবেশ ধারণ করে এবং ক্রেতা সেজে অবস্থান নেন।

অভিযানের একপর্যায়ে নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গণির বাড়ির পাশের পাকা সড়ক থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাঠোয়ারী জানান, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।