যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

বাহরাইনে নোঙর করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (১৪ জুলাই) এক সামরিক বিবৃতিতে এ দাবি জানানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাহিনীটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সামরিক বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, হামলায় নৌঘাঁটির একটি আকাশ প্রতিরক্ষা রাডার, প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং রকেট প্রতিরোধী সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশেষ কেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় মার্কিন নৌঘাঁটির প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগর, আরব সাগর ও আশপাশের জলসীমায় মার্কিন নৌ-অভিযান পরিচালনায় এই নৌবহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিস্থিতির পরবর্তী উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন দুই দেশের প্রতিক্রিয়ার দিকে।