
বগুড়ার নন্দীগ্রামে জনসমক্ষে গাঁজা সেবন এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে নন্দীগ্রাম পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ওমরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৮) ও জয়নাল আবেদীন (৩৮), হাটলাল দিঘীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮) এবং ভবানীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
আদালত সূত্রে জানা গেছে, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় প্রত্যেককে নির্ধারিত মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল এবং উপ-পরিদর্শক শামীমা আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :