চট্টগ্রামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রথম সভা


চট্টগ্রাম সিনিয়র ব্যুরো চীফ, তুহিন রহমান  প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রথম সভা

সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) চট্টগ্রামের দ্বিতীয় তলার কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ। সংগঠনের সদস্য সচিব ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুর্গত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত উল্লেখযোগ্য।

সভায় নেতৃবৃন্দ জানান, বন্যাকবলিত মানুষের পাশে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় মানবিক সহযোগিতা নিয়ে দাঁড়াবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট আলোচনা সভা আয়োজন, বিগত সরকারের সময়ে চট্টগ্রামে সংঘটিত নির্যাতনের ঘটনাবলি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজে মানবিকতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই সংগঠনকে আরও সক্রিয়, জনকল্যাণমুখী ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, সামাজিক সংকটের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তামূলক কার্যক্রমও আরও বিস্তৃত করা হবে।

সভায় ডা. জুবায়ের আল মাহমুদ, পরিবেশবিদ মোহাম্মদ আলী শাহীন, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুব সুমন, অলতাফ হোসেন, মৌসুমী চৌধুরী, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, তৌহিদুল ইসলাম রানা, কামরুল হাসান রিয়াদ, ফৌজিয়া শারমীন শম্পাসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।