
নেত্রকোণা জেলা পুলিশের ২০২৬ সালের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার এএসআই মো. সহিদুল ইসলাম। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।
জানা গেছে, এএসআই মো. সহিদুল ইসলাম ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কলমাকান্দা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে সততা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বর্তমানে তিনি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সহকারী বিট পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি থানার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করছেন।
এএসআই সহিদুল ইসলামের বাড়ি জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামে। তার বাবা মৃত ডা. আব্দুল গনি এবং মা মৃত রোকেয়া বেগম। তিনি তাদের প্রথম সন্তান।
সম্মাননা অর্জনের পর অনুভূতি প্রকাশ করে মো. সহিদুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। সকলের কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও আরও ভালোভাবে দায়িত্ব পালন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”
আপনার মতামত লিখুন :