এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

এইচএসসি পরীক্ষা স্থগিত না করা এবং শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে নতুন এক অনলাইন প্রতিবাদী প্ল্যাটফর্ম চালু করেছেন একদল শিক্ষার্থী। ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ফেসবুকভিত্তিক এই প্ল্যাটফর্ম মঙ্গলবার (১৪ জুলাই) আত্মপ্রকাশ করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে নতুন প্রজন্মের বা ‘জেন-জি’ শিক্ষার্থীরা ব্যঙ্গাত্মক এই উদ্যোগ গ্রহণ করেছেন।

‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ (We are not insulted, We are awakened) স্লোগান নিয়ে চালু হওয়া ফেসবুক পেজটিতে অল্প সময়ের মধ্যেই হাজারো অনুসারী যুক্ত হয়েছেন।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ঘিরে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট, ট্রল, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য তাদের ক্ষোভ আরও বাড়িয়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের ভাষ্য, ‘ব্রয়লার চিকেন পার্টি’ মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) থেকে অনুপ্রাণিত। গত মে মাসে ভারতে একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে ওই প্ল্যাটফর্ম গড়ে ওঠে। পরে সেটি তরুণদের বিভিন্ন দাবি ও আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।

বাংলাদেশেও একই ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অবস্থান তুলে ধরছেন। তাদের বক্তব্য, যৌক্তিক দাবিকে উপহাস বা অবমূল্যায়ন না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা, বন্যা পরিস্থিতি এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তবে উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ‘ব্রয়লার চিকেন পার্টি’ বর্তমানে একটি অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক প্রতিবাদী উদ্যোগ হিসেবে পরিচিত, এটি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়।