
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. পারুল বেগম (৪২), যিনি ২নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নারী সদস্য, দুই ব্যক্তির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৯ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজার মিয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি চায়ের দোকান থেকে স্বামীর সঙ্গে বের হওয়ার পর তার স্বামী নলডাঙ্গা বাজারের দিকে চলে যান। পরে পারুল বেগম একা বাড়ির পথে রওনা দিলে পূর্ববিরোধের জেরে একই এলাকার রাজ্জাক মিয়া (৪৫) ও শহিদ মিয়া (৩৬) তার পথরোধ করে গালিগালাজ শুরু করেন।
প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শহিদ মিয়া তার চুল ধরে মারধর করেন এবং গলায় থাকা প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় রাজ্জাক মিয়া তার গলা চেপে ধরেন এবং মারধরের পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। এতে তিনি আহত হন।
পারুল বেগমের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় ভুক্তভোগী ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :