ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭


ফরিদপুর প্রতিনিধি, মিরান গাজী প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং ট্রাকভর্তি ডিম সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় ছড়িয়ে থাকা ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নেমে আসেন। ঠিক তখনই ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং আরও সাতজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়া স্থানীয়দের দেওয়া তথ্যমতে নিহতদের মধ্যে জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)-এর পরিচয় নিশ্চিত হয়েছে। অপর এক নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতরা সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, “দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”