
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যায় ঘরবাড়ি হারানো ৩০০ পরিবারকে দুই কক্ষবিশিষ্ট নতুন পাকা ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার (১২ জুলাই) দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, এবারের বন্যায় যেসব পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ পরিবারকে ইন্ডাস্ট্রিয়াল টিনের তৈরি দুই কক্ষবিশিষ্ট নতুন পাকা ঘর দেওয়া হবে। এদিকে, টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দি অবস্থায় রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে মারা গেছেন ২৮ জন। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এ ছাড়া আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। সেখানে প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এবং পানিবন্দি রয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য এরই মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :