
কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এসব পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি।
মাহদী আমিন জানান, দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম বিভাগের দুর্যোগকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য জিআর কর্মসূচির আওতায় ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মুখপাত্র জানান, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য ও তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও কাজ করছে।
এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করে জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলেও জানান তিনি। প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে বলে উল্লেখ করা হয়। ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে দুর্গত এলাকার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।
মাহদী আমিন আরও জানান, চট্টগ্রাম-দোহাজারী রেলপথের জলাবদ্ধতার ঝুঁকি কমাতে রেলপথ উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪৭ কিলোমিটার রেলপথের উচ্চতা বৃদ্ধির কাজের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :