
প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফর উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সফরকে সফল করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
এ ছাড়া জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় প্রধানমন্ত্রীর দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের করণীয়, জনসমাগম, শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক সমন্বয় এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দক্ষিণবঙ্গ সফরকে সফল করতে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তাদের প্রত্যাশা।
সভায় জেলা বিএনপির নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সফর উপলক্ষে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দক্ষিণবঙ্গ সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাদারীপুর জেলা বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে এবং এ লক্ষ্যে দলের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :