টানা বৃষ্টিতে বান্দরবানে জলাবদ্ধতা, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ


দীপংকর মল্লিক, বান্দরবান প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে বান্দরবানে জলাবদ্ধতা, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার প্রধান নদী সাংগুর পানি বৃদ্ধি পাওয়ায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বহু বসতবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করছে। অনেক পরিবারের ঘরে হাঁটু থেকে কোমরসমান পানি ওঠায় তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছেন। শিশু, নারী, বয়স্কসহ অসংখ্য মানুষ বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানান, পৌরসভা এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আশ্রয়কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য বান্দরবান পৌরসভার উদ্যোগে প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী সবাইকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে মশার কয়েল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারী বর্ষণ অব্যাহত থাকায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।