আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন (৫৬) কয়েকদিনের জন্য সাতক্ষীরায় তার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজার হাসকল ও ডুবনি ভাঙা অবস্থায় রয়েছে।

পরে ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, তিনটি বক্সের তালা ভাঙা। বক্সের ভেতরে থাকা মূল্যবান সামগ্রীগুলো নেই। চোরেরা ঘরে ঢুকে একটি জোড়া রুলি, নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, একটি বিদেশি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি দামি শাড়িসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

রিজিয়া খাতুনের দাবি, চুরি যাওয়া এক জোড়া রুলির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। জমি বিক্রির কিছু নগদ টাকা, অন্যান্য সামগ্রীসহ সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিউলি পারভিন, জোহরা খাতুন, সুফিয়া খাতুন, ফিরোজ আহমেদ ও নাহিদ হাসান খোকন ঘটনাটি নিশ্চিত করে জানান, বাড়ির মালিক দীর্ঘ সময় বাইরে থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী রিজিয়া খাতুন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। তিনি চুরি যাওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়দের দাবি, এলাকায় এ ধরনের চুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।