বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগের জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া ট্যুর অপারেটরসহ পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।