কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে দেশের কৃষি খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ চলছে। কৃষিকে ডিজিটাল ও তথ্যপ্রযুক্তিনির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় বিভিন্ন ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ তৈরি, ডিজিটাল কৃষি সেবা, মোবাইলভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার পরিস্থিতি, কৃষি পরামর্শ এবং ই-এক্সটেনশন সেবাসহ অনলাইনভিত্তিক কৃষি প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান জানান, কৃষকের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দিতে ডিজিটাল কৃষক ডাটাবেজ তৈরি এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সারাদেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, উৎপাদন ব্যয় কমানো, শ্রম সংকট মোকাবিলা এবং কৃষিকে অধিক লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষির আধুনিকায়নে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য ও বিগ ডাটার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের অবস্থা পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব হবে।

তিনি জানান, তথ্যনির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালুর মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে কৃষি খাতকে পুনর্গঠন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল ভালো হবে, কী পরিমাণ সার প্রয়োজন এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, বায়োফার্টিলাইজার ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে জলবায়ু-স্মার্ট ও অভিযোজনক্ষম খাতে রূপান্তরের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে কৃষি খাত আরও উৎপাদনশীল, লাভজনক, রপ্তানিমুখী ও টেকসই খাতে পরিণত হচ্ছে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।