শ্যামনগরে ২৮০০ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যের বীজ-সার


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে ২৮০০ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যের বীজ-সার

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপি নেতা মো. সোলায়মান কবির, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মো. ছামিউল ইমাম আযম মনির, জামাত নেতা শহিদুল ইসলাম এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগরের বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আমন মৌসুমের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।

প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ (ব্রি ধান-১০৩, ব্রি ধান-৭৫ ও বিনা-১৭), ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে। একই সঙ্গে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।