
খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে ‘গোবরা কমিউনিটি হার্বারিং/ঘাট’। দুই উপজেলার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ ঘাটটি এখন নিরাপদ ও আধুনিক সুবিধায় ব্যবহারের উপযোগী হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় গোবরা ঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ঘাটের উদ্বোধন ও হস্তান্তর করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী।
ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এ ঘাট নির্মাণ করেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা গোবরা ঘাট ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনা ও নানা ভোগান্তির শিকার হতে হতো। এ সমস্যা সমাধানে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রেন্ডশিপ কাজ শুরু করে। যৌথ পরিকল্পনার মাধ্যমে মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন করে এবং বাকি ১২০ ফুট অংশ উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী বলেন, গোবরা ঘাটটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ফ্রেন্ডশিপ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হয়েছে। নতুন এ ঘাট শুধু যাতায়াত ব্যবস্থাকে সহজ করবে না, বরং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এ কে এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম।
ঘাটটি চালু হওয়ায় দুই উপজেলার মানুষের চলাচল আরও নিরাপদ ও সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি এটি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, জীবিকা সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
‘নবপল্লব’ প্রকল্পের আওতায় নির্মিত এ ঘাটকে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফ্রেন্ডশিপের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :