সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে আগত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনা ও শিক্ষাজীবনের বিষয়ে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিএনপি সরকারের উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন।

এর আগে দুপুরে তারা সংসদ ভবনে এসে এর নান্দনিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিময় ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।