জেলের জালে ১১ কেজি ওজনের বাঘাইর মাছ


নেছারাবাদ প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
জেলের জালে ১১ কেজি ওজনের বাঘাইর মাছ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া এলাকার বেলুয়া নদীতে প্রায় ১১ কেজি ওজনের একটি বড় বাঘাইর মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে তালুকদারহাওলা এলাকায় স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়লে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

মাছটি ধরেন স্থানীয় জেলে পলাশ কুমার। তিনি জানান, বেলুয়া নদীতে চাপা জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বড় আকৃতির একটি মাছ জালে আটকে যায়। সাধারণত এ ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। তবে জালের কাটায় আটকে যাওয়ায় মাছটি বের হতে পারেনি। তিনি আরও বলেন, এর আগে তার জালে কখনো এত বড় বাঘাইর মাছ ধরা পড়েনি।

পরে মাছটি উরিবুনিয়া বাজারে ১১ হাজার টাকায় বিক্রি করেন পলাশ কুমার।মাছটির ক্রেতা সুলতান মাহমুদ জানান, গ্রামীণ নদ-নদীতে এত বড় বাঘাইর মাছ এখন খুব কমই দেখা যায়। এ কারণে তিনি মাছটি কিনে প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, বড় আকৃতির মাছটি দেখতে বাজারে অসংখ্য মানুষের ভিড় জমে যায়। তাই দ্রুত মাছটি কেটে ক্রেতাদের কাছে বিক্রি করতে হয়েছে।

দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এত বড় বাঘাইর মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। মাছটি এক নজর দেখতে নদীর তীর ও বাজারে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।