বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবিতে বাগেরহাটে অবিভাগীয় ডাককর্মীদের অবস্থান কর্মসূচি


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবিতে বাগেরহাটে অবিভাগীয় ডাককর্মীদের অবস্থান কর্মসূচি

একই দায়িত্ব পালন করেও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব এবং বিভাগীয় কর্মচারীদের মতো সমান সুযোগ-সুবিধার দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীরা।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার অবিভাগীয় ডাককর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে প্রায় ২৩ হাজার ২১ জন অবিভাগীয় ডাককর্মী দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতায় কাজ করলেও একই প্রতিষ্ঠানে একই ধরনের দায়িত্ব পালনকারী বিভাগীয় কর্মচারীরা ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, পেনশনসহ বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন।

আন্দোলনকারীরা জানান, বর্তমানে একজন অবিভাগীয় পোস্টমাস্টার মাসিক ৪ হাজার ৪৬০ টাকা, রানার ৪ হাজার ১৯০ টাকা এবং পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা ভাতা পান। বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এ অর্থ অত্যন্ত অপ্রতুল। পাশাপাশি তাদের চাকরির কোনো স্থায়ী নিশ্চয়তাও নেই।

বক্তারা অভিযোগ করেন, বেতন-ভাতা বৃদ্ধি ও বিদ্যমান বৈষম্য দূর করার বিষয়ে দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায়ের আন্দোলন করতে গেলে নানা ধরনের চাপ ও হয়রানির মুখোমুখি হতে হয় বলেও তারা অভিযোগ করেন।

সমাবেশে আল মামুন ও ইমরান বলেন, একই কাজ করেও অবিভাগীয় ডাককর্মীরা ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা কোনো বাড়তি সুবিধা নয়, বরং শ্রমের যথাযথ মূল্য, চাকরির নিরাপত্তা এবং বিভাগীয় কর্মচারীদের সমান সুযোগ-সুবিধা দাবি করেন।

তারা আরও বলেন, দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটাতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নিমাই পদ দাশ, হাওলাদার বাশারুল, সিরাজুল ইসলাম, জীবন কৃষ্ণ সরকার, বোরহান উদ্দিন, হরিদাশ চন্দ্র রায়, আল মামুন, ইমরানসহ বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।